মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সমস্যার সমাধানে দুই মাস সময় বাড়ালো হাইকোর্ট

৫ সেপ্টেম্বর, ২০২১ ১৭:০৬  
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির আবেদনের পরিপ্রেক্ষিতে মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্কের মানোন্নয়নে আরো দুই মাসের সময় দিয়েছেন উচ্চ আদালত। এর মধ্যেই মোবাইল অপারেটরদের প্রত্যন্ত অঞ্চলের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধান করতে হবে। নিশ্চিত করতে হবে মানসম্মত মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা। রোববার (৫ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীরগতি সমস্যা নিয়ে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের পক্ষে করা রিটের শুনানি দুই মাসের জন্য মুলতবি করে এই নির্দেশনা দিয়েছেন আদালত। শুনানিতে রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান আদালতে নেটওয়ার্ক সমস্যার কথা তুলে ধরেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে বিটিআরসির লিখিত জবাব তুলে ধরে নেটওয়ার্কের সমস্যা সমাধানে তাদের কার্যক্রম সম্পর্কে কোর্টকে অবহিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। জবাবে নেটওয়ার্ক সমস্যা সমাধানে বিটিআরসি প্রচেষ্টা চালানোর কথা বলায় হাইকোর্ট বলেছেন, বিটিআরসি যেহেতু উদ্যোগ নিয়েছে তাই এ রিট মামলা ২ মাস স্ট্যান্ডওভার (মুলতবি) রাখছি। তবে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের সমস্যার সমাধান করতে হবে। আদালত রিটকারীর আইনজীবীদের উদ্দেশে বলেছেন, ২ মাসে নেটওয়ার্ক সমস্যার সমাধান না হলে কোর্টকে মেনশন করে জানাবেন। এই পিটিশনটি তখন শুনানির জন্য আবার আসবে। এর আগে গত ৮ জুন মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীর গতি সমস্যার সমাধান করে গুণগতমান সম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে গ্রাহকদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারনেটের গতি সেবা দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। মোবাইল ফোনে গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ল' রিপোর্টার্স ফোরামের সদস্য সাংবাদিক মেহেদী হাসান ডালিম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসানের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন।